মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে পৌর শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার ও মোতালেব সরকার।

এ ছাড়া বক্তব্য দেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম এবং পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর