সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আফছারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশ।

পরকীয়া সম্পর্কের টানাপোড়েন ও বিয়ে নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আফছার (৫৫)। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মৈশলোহা গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত লাইলী বেগম পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় বসবাস করতেন। আফছারের সঙ্গে তার প্রায় ১৮-১৯ বছর ধরে সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ে নিয়ে তাদের মধ্যে বিরোধ ও সম্পর্কের টানাপোড়েন তৈরি হলে আফছার তাকে হত্যার পরিকল্পনা করেন বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী গত ২৯ আগস্ট দুপুরে ঢাকার বাসা থেকে একটি ধারালো চাকু সঙ্গে নিয়ে লাইলী বেগমকে সাটুরিয়ার উদ্দেশে নিয়ে রওনা হন আফছার।

সন্ধ্যার দিকে তারা নয়ডঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। পরে রাত সাড়ে ৭টার দিকে নাহার গার্ডেন সংলগ্ন একটি নির্জন স্থানে যান। সেখানে বিয়ে নিয়ে তাদের মধ্যে পুনরায় তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আফছার লাইলী বেগমের পরনের কাপড়ের আঁচল দিয়ে পেঁচিয়ে তার শ্বাসরোধ করেন। পরে মাটিতে ফেলে গলায় পা দিয়ে চাপ দেন এবং সঙ্গে থাকা চাকু দিয়ে পেটে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন বলে জানিয়েছে পুলিশ।

পরদিন ৩০ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে নাহার গার্ডেন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ। পরে তদন্তে নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে পুলিশ।

ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই মো. হিমেল হোসেনের নেতৃত্বে তদন্ত ও অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আফছারের অবস্থান শনাক্ত করা হয়।

পরে ৩১ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকা থেকে আফছারকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার আফছারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর