সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

পূবাইলে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের কুদাব মুন্সিবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক মিজানুর রহমান মাস্টার আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভোগার পর রবিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সাবেক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মিজানুর রহমান মাস্টার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে এলাকার মানুষের সেবা করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি নিজ এলাকায় একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে ছিলেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টায় আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও স্বজনরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তাঁর দীর্ঘ কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর