বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

তার দিয়ে আটকানো নদীরক্ষা বাঁধ, ভাঙনের ঝুঁকিতে নাটোরের নলডাঙ্গাবাসী

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর এলাকায় নদীভাঙন ঠেকাতে প্রতিবছর জিওব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় ঝুঁকি থেকেই যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে নদীর তীরের গুরুত্বপূর্ণ বাঁধটি তার দিয়ে আটকে কোনোরকমে টিকিয়ে রাখা হয়েছে।

নদীভাঙন প্রতিরোধে নাটোর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শ্যামনগর এলাকায় জিওব্যাগ ফেলার কাজ করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, এ ধরনের অস্থায়ী ব্যবস্থা প্রতিবছর নেওয়া হলেও নদীর তীব্র স্রোতে ভাঙন পুরোপুরি বন্ধ হচ্ছে না। এতে বাঁধের পাশাপাশি আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকিতে রয়েছে।

এলাকাবাসী জানান, বাঁধটি কোনোভাবে ভেঙে গেলে নদীর পানি আশপাশের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ তার দিয়ে আটকে রাখার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ফরিদা বেগম, জহেদ আলী প্রাং, আহম্মেদ আলী ও কছের আলীসহ অনেকে বলেন, প্রতি বছর নদীভাঙন ঠেকাতে বিপুল পরিমাণ জিওব্যাগ ব্যবহার করা হলেও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। ফলে বর্ষা এলেই নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়।

স্থায়ী সমাধানের দাবিতে সম্প্রতি স্থানীয়রা মানববন্ধনও করেছেন। তাদের দাবি, বারবার অস্থায়ীভাবে অর্থ ব্যয় না করে নদীতীরে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে একদিকে ভাঙন রোধ হবে, অন্যদিকে সরকারি অর্থের অপচয়ও কমবে।

এ বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম বলেন, নদীভাঙন প্রতিরোধ ও বাঁধ রক্ষায় নলডাঙ্গার শ্যামনগর এলাকায় চলতি অর্থবছরে কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে ওই এলাকায় বিদ্যমান ঝুঁকির স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর