রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

কাঠালিয়ায় ব্যবসায়ী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত: হামলাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে কচুয়া বাজারের রাজাপুর-কাঠালিয়া প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীরা এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন।

মানববন্ধনে বক্তব্য দেন কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী, সেফালী রানীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বক্তারা হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার দুপুরে কচুয়া বাজারের চায়ের দোকানি সমীর চক্রবর্তীর কাছে অন্য দোকান থেকে সিগারেট এনে দিতে বলেন একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির (৩০)। সমীর সিগারেট এনে দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজা ফকির সমীরকে মারধর করেন বলে অভিযোগ।

পরে সমীর বাড়িতে গিয়ে বিষয়টি তার দুই ছেলে শুভ চক্রবর্তী ও লিখন চক্রবর্তীকে জানান। এরপর তারা রাজা ফকিরের কাছে ঘটনার বিষয়ে জানতে গেলে রাজা ফকির ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে সমীর ও তার দুই ছেলে আহত হন।

আহতদের উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত সমীর চক্রবর্তীকে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই রাজা ফকিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় আহত সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর