পিরোজপুরের কদমতলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে মা সমাবেশ ও সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার পশ্চিম কদমতলার শেখবাড়িতে এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টির কারণে সমাবেশটি শেখবাড়ির বাসিন্দা সেকেন্দার আলী শেখের নিজ বাড়িতে আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এবং কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ইউনিসেফ, বরিশাল।
সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবিস্তার রোধ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত মায়েরা ডেঙ্গু প্রতিরোধে তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আয়োজকরা জানান, স্থানীয় মায়েদের সচেতনতা ও পরামর্শ পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহর সভাপতিত্বে এবং মা সমাবেশের সভানেত্রী আম্বিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার ও নারী বিষয়ক সম্পাদক মনিরা আক্তার।
অনুষ্ঠান শেষে সমাবেশের জন্য স্থান ব্যবহারের সুযোগ দেওয়ায় স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী শেখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজকরা ‘রাখুন চারপাশ পরিষ্কার, করব ডেঙ্গু প্রতিকার’ স্লোগান সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এই বাংলা/এমএস