বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বড়াইগ্রামে বাড়ির মালিককে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে এক বাড়ির মালিককে জিম্মি করে জোরপূর্বক ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, বাড়ি দখলের চেষ্টা এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় লালপুর উপজেলার নাওদাড়া গ্রামের সাজদার রহমানের (৬৫) একটি বাড়ি রয়েছে। প্রায় পাঁচ মাস আগে বড়াইগ্রামের আটুয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম বাড়িটির একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে বাড়ির মালিকের অনুমতি ছাড়াই জহুরুল ইসলাম আরও দুটি ইউনিট সুমন আলী ও হোসেন আলী নামে দুই ব্যক্তিকে ভাড়া দেন। বিষয়টি জানতে পেরে সাজদার রহমান অনুমতি ছাড়া বাসা ভাড়া দেওয়ার কারণ জানতে চান এবং ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৯ আগস্ট সাজদার রহমান পুনরায় ভাড়া চাইতে ওই বাড়িতে গেলে অভিযুক্তরা তার হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ছয়টি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। একই সময় তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে তাকে বাড়িতে যেতে নিষেধ করা হয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগে নিজের বাড়িতেও যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন সাজদার রহমান।

অভিযোগের বিষয়ে জহুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো খবর