নাটোর প্রতিনিধি :
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অন্যায়, বৈষম্য ও অধিকারহরণের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতীক এই আন্দোলন। তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বক্তারা আরও বলেন, আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা হয়ে থাকবে।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই বাংলা/এমএস
টপিক