পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সামাজিক উন্নয়ন ও মানবসেবামূলক সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’। পিরোজপুর তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বরিশালের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংগঠনটির উদ্যোগে ইতোমধ্যে এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও হাট-বাজারে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে এডিস মশার প্রজনন রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও প্রচারণা চালানো হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নকিব নাছরুল্লাহর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল শেখ, সাংগঠনিক সম্পাদক মাজিদুল ইসলাম ও অর্থ সম্পাদক রুবাইয়া আক্তার নুপুরের সহযোগিতায় কর্মসূচিগুলো পরিচালিত হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নিয়মিত সামাজিক ও মানবিক উদ্যোগের পাশাপাশি বাৎসরিক মাহফিল আয়োজন, সদস্যদের স্বেচ্ছা অনুদানে অসহায় মানুষের সহায়তা, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন প্রদান এবং সদস্যদের জন্য জরুরি ঋণ সুবিধাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
তারা জানান, ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

