ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর এলাকায় একটি বসতঘরে গভীর রাতে চুরির ঘটনায় এক গৃহবধূর সাহসিকতার পরিচয় মিলেছে। চোরকে আটকানোর চেষ্টা করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেন। তবে সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যায়। যাওয়ার সময় চোরের দল ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরের দল গোপনে ঘরে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে এক গৃহবধূ সাহসিকতার সঙ্গে এক চোরকে ধরে ফেলেন। ধস্তাধস্তির সময় তিনি চোরের আঙুল কামড়ে আটকে রাখার চেষ্টা করলে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে শুরু করলে চোরের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাস্থলে চোরের বিচ্ছিন্ন আঙুল পড়ে ছিল বলে পরিবারের দাবি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন এবং সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা রাতের নিরাপত্তা ও পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।