পিরোজপুর প্রতিনিধি :
সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সর্পন বাড়ি এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বসতঘরে পানি ঢুকে যাওয়ায় কয়েকটি পরিবার পার্শ্ববর্তী বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পরিদর্শনকালে তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের অভাব-অভিযোগ ও সার্বিক পরিস্থিতির কথা শোনেন। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “জলাবদ্ধতার কারণে এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে পিরোজপুর পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর ও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।”
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক