সোনারগাঁওয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও একটিতে সিলগালা
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১ আগস্ট, ২০২৬
ভ্রাম্যমাণ আদালত / প্রতিকী ফুটেজ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডিকেয়ার হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে মেডিকেয়ার হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন ও স্বাস্থ্যবিধি মেনে সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।