ঝালকাঠির দুই বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিকেলে কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

পূর্ব কানুদাসকাঠি আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া একটি জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠদানের সুযোগ পাবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রফিক হোসেন মৃধাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।

জানা গেছে, সরকারের রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়নাধীন ‘অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)’ প্রকল্পের অধীনে ভবন দুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঝালকাঠি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সংশ্লিষ্টরা জানান, ভবন দুটি নির্মাণ শেষ হলে বিদ্যালয় দুটির অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীরা আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে, যা স্থানীয় শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here