গাজীপুর প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মানসম্মত উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ও বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ইকো কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাকাডেমিক স্বায়ত্তশাসন এবং আঞ্চলিক কলেজগুলোর অবকাঠামোগত ও ডিজিটাল রূপান্তর নিয়ে আয়োজিত এ সভায় ভিসি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে নয়, বরং মানসম্মত উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ও বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। প্রান্তিক ও দূরবর্তী অঞ্চলের কলেজগুলোকে সমান গুরুত্ব দিতে না পারলে সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।”
তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে প্রচলিত শিক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে কারিকুলাম পুনর্বিন্যাস, উদ্ভাবন এবং গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের কলেজগুলোতে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি কলেজগুলোর লাইব্রেরি ও ল্যাবরেটরি আধুনিকায়ন এবং সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদের সততা, নিষ্ঠা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারমূলক উদ্যোগের বিষয়ে তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী ও ক্ষমতায়িত করা হচ্ছে। এর ফলে সাধারণ একাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য অধ্যক্ষদের বারবার গাজীপুর ক্যাম্পাসে যেতে হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ইকো কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোকাররম হোসেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জুলফিকার আলীসহ জেলার বিভিন্ন অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা।
মতবিনিময় সভা শেষে ঠাকুরগাঁওয়ের স্থানীয় শিল্পী ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লোকসংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।
এই বাংলা/এমএস
টপিক

