রৌমারীতে জনস্বাস্থ্য বিভাগের গুদাম চুরির ঘটনায় মামলা, ৮ জনের নাম উল্লেখ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি গুদাম থেকে বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দায়ের করা এ মামলায় বাদী হয়েছেন রৌমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম।
মামলার আসামিরা হলেন— শফিক মিয়া (২৪), ছোট প্রদীপ (৪৩), মামুন মিয়া (২৫), সজিব মিয়া (২৬), শহিদুর রহমান (৩২), মঞ্জুর আলম (৩৫), আব্দুস সালাম (৬৮) ও আব্দুল মালেক (৭০)।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বিকেলে গুদাম পরিষ্কার করে তালাবদ্ধ করা হয়। পরে ১ মে সকালে গুদামের পেছনের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। এরপর হিসাব মিলিয়ে দেখা যায়, গুদাম থেকে ২৯০টি ১০ লিটারের বন্যার জেরিকেন, ঢাকনাসহ ১০৯টি প্লাস্টিকের বালতি ও টুল, চারটি পুরোনো নষ্ট সিলিং ফ্যান, দুই কার্টন (৪৮ প্যাকেট) মেয়াদোত্তীর্ণ স্যানিটারি প্যাড এবং চার কার্টন (৯৬ পিস) মেয়াদোত্তীর্ণ হ্যান্ড স্যানিটাইজার চুরি হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর ৩ মে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা রৌমারী বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া সরকারি মালামালের একটি অংশ উদ্ধার করেন।
উল্লেখ্য, গত জুন মাসে এ ঘটনায় অনলাইন গণমাধ্যমে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই চুরির মামলা দায়ের করা হয়েছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবীর বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।