বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন রাজধানী গড়ার আহ্বান জেলা প্রশাসকের

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণই একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার অন্যতম শর্ত।

কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যালয় থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি নাগরিকের দায়িত্ব নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব, যা দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতেও সহায়ক হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরা হয় এবং বিভিন্ন ধরনের বর্জ্য নির্ধারিত রঙের বিনে সংরক্ষণের পদ্ধতি শেখানো হয়।

পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম পরিদর্শন করে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি জানান, এসব টিম নিয়মিত শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা ও খেলার মাঠের পরিচ্ছন্নতা তদারকির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, জমে থাকা পানি অপসারণ এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করতে কাজ করবে।

এ সময় কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম আরও জোরদার করা, বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু রাখা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকির আহ্বান জানান জেলা প্রশাসক।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর