বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মো. আবু সালেকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

