কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কয়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিরাখাওয়ার পাড় গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমি কাঁঠাল ব্যবসার সঙ্গে জড়িত কয়সার আলী সকালে মধুপুর গ্রামের একটি বাড়িতে কাঁঠাল পাড়তে যান। গাছে উঠে কাঁঠাল সংগ্রহের সময় তার হাতে থাকা কাস্তে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে আসে গভীর শোক।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

