নীলফামারী প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় জেলা জামায়াত অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংগঠনের আদর্শ, কর্মসূচি এবং জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরতে প্রচার ও মিডিয়া বিভাগের কর্মীদের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে তথ্যভিত্তিক ইতিবাচক প্রচারণা চালিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল এবং কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্রচার কার্যক্রমের মানোন্নয়ন, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার, সংবাদ পরিবেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

