হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি :

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজেলার তকিপুর এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। এ সময় সমিতির সভাপতি আহাদ আলী শাহসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ইফতেখারুল ইসলাম ডনি বলেন, ২০২৫ সাল থেকে হিমাগার ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কৃষক ও ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন। আগে বস্তাভিত্তিক চুক্তিতে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ১৮০ থেকে ২০০ টাকা ছিল, যা পরে সর্বোচ্চ ৩০০ টাকায় উন্নীত হয়। তবে ২০২৫ সালে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও ম্যানেজার অ্যাসোসিয়েশন একতরফাভাবে ভাড়া বাড়িয়ে প্রতি বস্তা ৪৭৫ টাকা নির্ধারণ করে।

তিনি অভিযোগ করেন, ভাড়া বৃদ্ধির কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি সমাধানের আশ্বাস পেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ এপ্রিল হিমাগার ভাড়া পুনর্বিবেচনার দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় ব্যবসায়ীরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছেন।

দাবি আদায়ে মঙ্গলবার থেকে সমিতির আওতাধীন বিভিন্ন ইউনিট হিমাগার থেকে আলু বেচাকেনা বন্ধ রাখা হয়েছে। ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতারা।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী জেলায় ৩৬টি হিমাগার রয়েছে। প্রতিটি হিমাগার থেকে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার বস্তা আলু বের হয়। সে হিসাবে প্রতিদিন প্রায় ৩৬ হাজার বস্তা আলুর বাজারজাতকরণ ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ী নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা—সবার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here