সেনবাগে স্কুলছাত্র ফাহিম হত্যা: থানায় মামলা, গ্রেপ্তার ১

সেনবাগে মাদকবিরোধী অবস্থানের জেরে স্কুলছাত্র খুন, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন ফাহিম (১৬) হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মো. হারুন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে নিহত ফাহিমের মা পারভীন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনকে নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার হারুন দেবিসিংহপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিসিংহপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অভিযোগ ছিল। কয়েকদিন আগে এক মাদকসেবীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় তরুণরা মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এলাকায় পাহারার ব্যবস্থা করে। এতে ওই এলাকায় মাদকের আসর বন্ধ হয়ে যায় বলে দাবি করেন স্থানীয়রা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে কয়েকজন তরুণ এলাকায় অবস্থানকালে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলায় আলী হায়দার ফাহিম, রিফাত ও সাকিব গুরুতর আহত হন। পরে একই এলাকায় আরাফাত হোসেন ফাহিমও হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে, একদল হামলাকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বিশেষ করে তার পায়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. শাহজাহান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ প্রথমে নানার বাড়িতে নেওয়া হবে। পরে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনির মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here