নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে।
বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর হারুন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিসিংহপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অভিযোগ ছিল। কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন তরুণ এক মাদকসেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কয়েকজনের নাম সামনে আসে। এরপর এলাকাবাসী মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ওই এলাকায় পাহারা শুরু করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীদের দাবি, এর জের ধরে বুধবার রাতে একদল ব্যক্তি স্থানীয় তরুণদের ওপর হামলা চালায়। এতে আলী হায়দার ফাহিম, রিফাত ও সাকিব গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের বুকে ছুরিকাঘাত এবং অন্যদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।
এদিকে, নিহত আরাফাত হোসেন ফাহিম তার নানাবাড়িতে বেড়াতে এসে খালার বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন বলে স্থানীয়রা জানান। অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

