নোয়াখালীতে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি ও ১১ মামলার আসামি ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‌্যাবের যৌথ দল।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ব বাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক (৪৪) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বুলেট ফারুককে আটক করা হয়। পরে তার দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে কোমর থেকে ৫ হাজার ৩১০ পিস এবং মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৯ হাজার ৩১০ পিস।

এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিএনসি জানিয়েছে, বুলেট ফারুক নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ এবং ফেনীর দাগনভূঞা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ মোট ১১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন বলে দাবি ডিএনসির, যে তিনি নিজস্ব মোটরসাইকেলে করে সপ্তাহে দুই থেকে তিনবার চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। বেগমগঞ্জ, সেনবাগ ও দাগনভূঞার বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীর কাছে তিনি ইয়াবা পৌঁছে দিতেন। এছাড়া নোয়াখালীতে তার নিয়ন্ত্রণে তিনটি খুচরা মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল বলেও জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ফেনীর দাগনভূঞা এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল ডিএনসি। পরে ওই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছে সংস্থাটি।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ডিএনসি কঠোর অবস্থানে রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here