মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য আটক, উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল

বাগেরহাট প্রতিনিধি :

 

বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. রনি হাওলাদার, মেহেদী হাসান, মো. সজীব আহমেদ জয়, মো. সাজেদুল ইসলাম, মো. নাজমুল শেখ ও তানভীর হোসেন শাওন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি মোংলা বন্দর সংলগ্ন এলাকা এবং আশপাশের উপজেলাগুলোতে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা হিসেবে রনি হাওলাদারের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদেরও আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, সম্প্রতি মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারান্টাইন স্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন এবং স্থানীয় বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের মোটরসাইকেল দিগরাজ বাজারের শাহিন হোটেলের সামনে থেকে চুরি হয়। এসব ঘটনার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, চক্রটির সঙ্গে অন্য কোনো সিন্ডিকেট বা অপরাধচক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here