ঈদে নেতা-কর্মীদের আপ্যায়নে সরব বিএনপি নেতারা, বরিশালে নতুন কমিটি নিয়ে জল্পনা

বরিশাল প্রতিনিধি :

 

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে বরিশালের রাজনৈতিক অঙ্গনে বিএনপির নেতাদের তৎপরতা এবার ছিল চোখে পড়ার মতো। ঈদের দিন থেকে টানা কয়েক দিন নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সৌজন্য সাক্ষাৎ এবং আপ্যায়নের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করার প্রয়াস চালিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই বরিশাল জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাতীয় সম্মেলন এবং সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতারা নিজেদের কর্মী-সমর্থকদের আরও সক্রিয় ও সংগঠিত করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। ফলে এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে বিভিন্ন নেতাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেতারা নিজ নিজ অবস্থান শক্তিশালী করতে কাজ করছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় ও দাওয়াতের পাশাপাশি সাংগঠনিক সমীকরণও গুরুত্ব পেয়েছে। ফলে উৎসবের আমেজের মধ্যেও রাজনৈতিক হিসাব-নিকাশ ছিল স্পষ্ট।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য মজিবর রহমান সারওয়ার-এর বাসভবনে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন তুলনামূলক নীরব রাজনৈতিক অবস্থানে থাকা এই নেতার বাসভবনে এমন সমাগম স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

তবে এ বিষয়ে সারওয়ারের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ঘনিষ্ঠজন ও নগর বিএনপির সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, ঈদের দিনে যে কেউ যে কারও বাসায় যেতে পারেন। সিনিয়র নেতা হিসেবে সারওয়ার ভাইয়ের বাসায় অনেকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন। বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই।

অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন ঈদের রাতে বরিশাল ক্লাবে নেতা-কর্মীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার নিজ নিজ বাসভবনে নেতা-কর্মীদের আপ্যায়ন করেছেন।

জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন, দীর্ঘদিন দলীয় প্রয়োজনে আমরা সারওয়ার ভাইয়ের কাছে গিয়েছি। এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও তাঁর সঙ্গে দেখা করছেন। এতে অস্বাভাবিক কিছু নেই।

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ঈদ উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুসংহত করার চেষ্টা চলছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে নেতাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, তা বরিশালের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কমিটি গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ঈদ-পরবর্তী এই তৎপরতা। নেতাদের দাওয়াত, সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আড়ালে সাংগঠনিক ভিত্তি মজবুত করার প্রতিযোগিতাও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here