বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে একটি স্টিল ওয়ার্কশপের বারান্দায় খেলার সময় জানালার ভারী লোহার গ্রিল মাথায় পড়ে রকিবুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকিবুল ইসলাম মধ্য ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকার মোস্তফা ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য ধাতুয়াকান্দা গ্রামের হোসেন মিয়ার “মদিনা স্টিল ওয়ার্কশপ” নামের একটি দোকানের বারান্দায় ক্রেতাদের জন্য তৈরি কয়েকটি লোহার জানালার গ্রিল দাঁড় করিয়ে রাখা ছিল। শনিবার সকালে শিশু রকিবুল সেখানে খেলাধুলা করছিল। একপর্যায়ে একটি ভারী গ্রিল হঠাৎ তার মাথার ওপর উল্টে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এতে রকিবুল গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে আহাজারি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

