চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রাতভর উত্তেজনার পর নগরের গুরুত্বপূর্ণ এলাকায় জনসমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৮ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সিএমপির সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি প্রশাসনিকভাবে রাজনৈতিক দমনমূলক পদক্ষেপের মতো হয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে।

