ঈশ্বরদী প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক গন্ধে অন্তত ৫৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫৬ জন ছাত্রী চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে দুই ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে আরও অনেক ছাত্রী অসুস্থ হতে শুরু করে। তাদের মধ্যে শ্বাসকষ্ট, পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়।
অসুস্থ ছাত্রীরা জানায়, ক্লাস চলাকালে তারা ঝাঁঝালো ধরনের একটি গন্ধ অনুভব করে। এরপর অনেকের শ্বাস নিতে কষ্ট শুরু হয় এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দশম শ্রেণির শিক্ষার্থী রিতু বলে, “আমরা দ্বিতীয় তলায় ছিলাম। হঠাৎ নিচে নামার পর একটি গন্ধ পাই। এরপর খুব খারাপ লাগতে থাকে, দম বন্ধ হয়ে আসছিল।”
ঘটনার পর উপজেলা প্রশাসন স্কুল ক্যাম্পাস থেকে ‘Vara Solution’ লেখা একটি বোতল উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।
তিনি বলেন, “চিকিৎসকদের প্রাথমিক ধারণা এটি গণ-হিস্টিরিয়া হতে পারে। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।”
এদিকে ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বোতলে থাকা ‘Vara Solution’ মূলত ডাইমেথিকনসমৃদ্ধ একটি দ্রবণ, যা সাধারণত উকুননাশক ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যে ব্যবহৃত হয়। তবে এর স্প্রে শ্বাসের সঙ্গে শরীরে গেলে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

