ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা এলাকার বাসিন্দা ও ৪৭নং উত্তর পূর্ব পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম বাছেদ নিজেকে নির্দোষ দাবি করে বৃদ্ধ মন্তাজ উদ্দিন মাঝির উপর হামলার ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ০৪ মার্চ ২০২৬ তারিখে দক্ষিণ বাটামারা ৮নং ওয়ার্ডে বৃদ্ধ মন্তাজ উদ্দিন মাঝির উপর হামলার ঘটনা ঘটে। পরে ০৭ মার্চ তার ছেলে আকবর হোসেন বাদী হয়ে বোরহানউদ্দিন থানা-এ একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে ৭ নম্বর আসামি করা হয়েছে বলে তিনি জানতে পারেন।
নজরুল ইসলাম বাছেদ বলেন, তিনি স্বশরীরে থানায় গিয়ে মামলার কপি সংগ্রহ করেন এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এসময় তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং পূর্ব শত্রুতার জেরে তাকে মামলায় জড়ানো হয়েছে। তদন্ত কর্মকর্তা তাকে আশ্বস্ত করেন যে, নির্দোষ কাউকে হয়রানি করা হবে না এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি নিয়মিত তার কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে “বোরহানউদ্দিনে বৃদ্ধকে খুনের চেষ্টার মাস্টারমাইন্ড স্কুল মাস্টার” শিরোনামে একটি সংবাদ দেখতে পান। প্রকাশিত ওই সংবাদকে তিনি “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার জন্য। একই সঙ্গে আদালত ও প্রশাসনের প্রতি আস্থা রেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
শেষে নজরুল ইসলাম বাছেদ পুনরায় দাবি করেন, মন্তাজ মাঝির উপর হামলার ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

