খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির আলুটিলার রিছং ঝরনা থেকে ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন ওরফে সৌরভ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী প্রিয়া আক্তার (২৩) ও অটোরিকশাচালক মুসলিম মিয়া (৫৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হৃদয় মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোর কর্মচারী ছিলেন এবং শহরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রীকে নিয়ে রিছং ঝরনায় বেড়াতে যান এনায়েত। সেখান থেকে ফেরার পথে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এনায়েতসহ তিনজন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে এনায়েতকে মৃত ঘোষণা করেন। আহত প্রিয়া আক্তার ও অটোরিকশাচালক মুসলিম মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যান। তবে পুলিশ গাড়িটি জব্দ করে মাটিরাঙা থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

