জীবা আমিনা খানের বিরুদ্ধে অভিযোগ খারিজ, মনোনয়ন বৈধ ঘোষণা

বরিশাল প্রতিনিধি :

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দায়ের করা দ্বৈত নাগরিকত্ব, সম্পদের তথ্য গোপন ও একাধিক মামলার অভিযোগ খারিজ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

সোমবার নির্বাচন কমিশনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অভিযোগকারীর আইনজীবী ব্যারিস্টার হারুন আর রশিদ সাংবাদিকদের জানান, কমিশন অভিযোগগুলো গ্রহণযোগ্য মনে করেনি এবং জীবা আমিনা খানের মনোনয়ন বহাল রেখেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জীবা আমিনা খানের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন ঢাকার বনানীর বাসিন্দা নাদিম মাহমুদ ও মাসুদ মৃধা। অভিযোগে বলা হয়, তিনি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা সৃষ্টি করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া নির্বাচনি হলফনামায় স্থাবর সম্পদের পূর্ণাঙ্গ তথ্য গোপনের অভিযোগও তোলা হয়। অভিযোগকারীদের দাবি, রাজধানীর গুলশান এলাকার ১০৮ নম্বর রোডে তার নামে সাতটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে কয়েকটি ফ্ল্যাটের বিপরীতে প্রায় ৩২ লাখ টাকারও বেশি হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। এসব সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানির পরিচালক হিসেবে জীবা আমিনা খানের নাম রয়েছে। তার বিদেশে বসবাস, ব্যবসায়িক সম্পৃক্ততা এবং জাতীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি বাইগ্যামি, জালিয়াতি, পারিবারিক বিরোধ, সন্তানের অভিভাবকত্ব ও সশস্ত্র হামলাসহ একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ও তুলে ধরা হয়।

তবে শুনানিতে অভিযোগের পক্ষে পর্যাপ্ত নথিপত্র ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সব দিক পর্যালোচনা শেষে কমিশন অভিযোগ খারিজ করে জীবা আমিনা খানের মনোনয়ন বৈধ ঘোষণা করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here