ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করতে দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উদ্বোধনী ও টেকনিক্যাল—এই দুই পর্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্যে আইকিউএসি’র পরিচালক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সম্মিলিত দায়িত্ববোধ, সতর্কতা এবং মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য।” তিনি দায়িত্বপ্রাপ্তদের সততা, আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপরও গুরুত্ব দেন।

পরবর্তীতে টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। এ সময় অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা, নিরাপত্তা দায়িত্ব ও কর্তব্য, অফিস ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় শেখানো হয়।

সার্বিকভাবে, এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও মানবিক হয়ে উঠবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here