কুড়িগ্রাম প্রতিনিধি :
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি ইটবোঝাই ট্রলি উল্টে মোঃ আতাউর রহমান (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায়, দ্বিতীয় ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে।
নিহত আতাউর রহমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আতাউর রহমান একটি ইটভাটা থেকে লালমনিরহাটের দিকে ট্রলি চালাচ্ছিলেন। দ্বিতীয় ধরলা সেতু পার হওয়ার পর হঠাৎ ট্রলির শকআপ ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

