সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য লিটন (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে রবিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায়।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ের হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিটন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার দুই দিন আগে সংঘটিত একটি ডাকাতিতে পাওয়া টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে উত্তেজনা তৈরি হয়। রতনপুর এলাকার মৃত হাছন আলীর ছেলে জসিম ও ওয়াসিম লিটনের বণ্টন কম দেওয়ায় ডাকাত দলের সরদার রুবেল ও তার সহযোগী লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরবর্তীতে স্থানীয়রা লিটনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহিববুল্লাহ ঘটনাস্থল সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

