নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় এলাকায় কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন নামের এক বাসিন্দা গৃহস্থালির ব্যবহারের জন্য প্রায় এক মাস আগে তার বাড়ির পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। টিউবওয়েল স্থাপনের পর থেকেই পানির সঙ্গে অস্বাভাবিক গন্ধ ও বুদবুদ শব্দ লক্ষ্য করা যায়। এ কারণে পরিবারটি পানি ব্যবহার করতে পারছিল না।
পরবর্তীতে বিষয়টি পরীক্ষা করতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা দিয়াশলাই জ্বালালে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষজন। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষজ্ঞদের ধারণা, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আব্দুল মতিন বলেন, “প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করি, তখনই আগুন জ্বলে ওঠে। আমরা এখন আতঙ্কে আছি। দ্রুত প্রশাসনের সহযোগিতা চাই।”
এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এসেছে। তবে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

