গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিগঞ্জে জমি ক্রয়কে কেন্দ্র করে দুবাইপ্রবাসী এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত প্রবাসী জুয়েল মিয়া দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ পরিকল্পিত ও মিথ্যা।
শনিবার বিকেলে কালিগঞ্জের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুয়েল মিয়া জানান, দীর্ঘদিন প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে তিনি পূর্বাচলের ১৫ ও ২৮ নম্বর সেক্টরে দুটি প্লট ক্রয় করেন। পরে প্লট বুঝিয়ে দেওয়ার কথা বলে তাকে একটি রিসোর্টে ডেকে নেওয়া হয় এবং সেখানে পরিকল্পিতভাবে তাকে একটি অপহরণ মামলায় জড়ানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি অভিযোগ করেন, যথাযথ তদন্ত ছাড়াই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে বিভিন্নভাবে হয়রানি করছেন। ইতোমধ্যে তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে জুয়েল মিয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করে তিনি গাজীপুরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার কামনা করেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

