বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ডরুমে দায়িত্বরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্টগার্ড সদস্য বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখান থেকে ডাক্তারি মৃত্যুসনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজের অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

