ঝালকাঠি প্রতিনিধি :
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। আনুপাতিক হিসাব অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট প্রায় ৩৫টি আসন পেতে পারে—এমন সম্ভাবনার মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে দলীয় পর্যায়ে চলছে মূল্যায়ন ও পর্যালোচনা।
এই প্রেক্ষাপটে ঝালকাঠি জেলা থেকে আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী মোসা. মমতাজ বেগম নয়নের নাম। দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেই তালিকায় মমতাজ বেগম নয়নের নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও অবদানের বিস্তারিত তথ্য দলীয় উচ্চপর্যায়ে জমা দিচ্ছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে মমতাজ বেগম নয়ন বলেন, “দলের আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলেন, দল যদি তাদের মূল্যায়ন করে, তবে আমিও সেই তালিকায় থাকতে চাই।” তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, তবে সুযোগ পেলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যাশা রাখেন।
দলীয় প্রধান তারেক রহমান সুযোগ দিলে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলগুলো এবার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেত্রীদের অগ্রাধিকার দিতে পারে। ফলে ঝালকাঠিসহ বিভিন্ন জেলা থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে আসছে এবং দলীয় অঙ্গনে আলোচনা আরও জোরদার হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

