ময়মনসিংহ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ময়মনসিংহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ বিভাগে গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরেন। এতে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা পরিকল্পনা, ঝুঁকি নির্ধারণ, সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় করণীয় বিষয়গুলো উপস্থাপন করা হয়।
তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
এই বাংলা/এমএস
টপিক

