বরিশাল ব্যুরো :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে টানা তিন দিনে তিনটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আগমনকে কেন্দ্র করে বরিশালে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ও কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের জনসভা উপলক্ষে নগরী এখন পোস্টার, ব্যানার ও মাইকিংয়ে মুখর।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালের বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। পরদিন ৫ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে জনসভায় অংশ নেবেন। এরপর ৬ ফেব্রুয়ারি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের মেহেন্দীগঞ্জ আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, তারেক রহমান ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিমানে বরিশালে পৌঁছবেন। তাঁকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, “২০ বছর পর আমাদের নেতা বরিশালে আসছেন। এই সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জামায়াতের বরিশাল জেলা নায়েবে আমির ড. মাহফুজুর রহমান জানান, তাদের আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে মেহেন্দীগঞ্জে পৌঁছে সকাল ৯টার পর জনসভায় ভাষণ দেবেন। এখানে দুই লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন নাইস বলেন, আমিরের জনসভার মূল লক্ষ্য বরিশাল সদর আসন। এটি তাঁর নিজ এলাকা হওয়ায় জয়লাভের জন্য সর্বোচ্চ শক্তি প্রদর্শন করা হবে। তিনি আরও জানান, বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।
টানা তিন দিনের এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

