নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হরিপুর ইউনিয়নের শাহজাহান উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আলী আজগরের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মিয়ার সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও ভাটি অঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ এস এম শাফি মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও তিনবারের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শাহনেওয়াজ চৌধুরী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও জনসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট খালেদা আক্তার অরুণা, উপজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনাহেনা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজউদ্দিন মেম্বার, বিএনপি নেতা শফিকুল ইসলাম ইউনুস, আশরাফুল আলম বাবুলসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সমস্যা দূর করে একটি নিরাপদ, শান্তিময় ও আলোকিত নাসিরনগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
অন্যান্য বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব। তারা আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

