
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। একাধিক জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার সালিক, পৃথিমপাশা ও কুলাউড়া এলাকায় রাজাপুর ব্রিজ সংলগ্ন মনু নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ব্রিজের এক কিলোমিটারের মধ্যে আইন অমান্য করে বালু উত্তোলন করা হচ্ছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বালুমহাল ইজারাদারের ম্যানেজার সাকিবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা বালু উত্তোলনের সব সরঞ্জাম ও স্থাপনা নির্ধারিত অনুমোদিত দূরত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, নদী ও সেতুর নিরাপত্তা রক্ষায় এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
এই বাংলা/এমএস
টপিক
