নাটোর প্রতিনিধি :
নাটোর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রঞ্জিত কুমার সরকারকে প্রাথমিক সদস্যসহ দলের সব পদ ও দায়িত্ব থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার (২৪ জানুয়ারি) লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী জনসভায় রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই জনসভাকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ বক্তব্যের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার মুচলেকা নেওয়া হয়।
নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বা আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিএনপি এ ঘটনায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক

