হাইকোর্টে বৈধতা পেলেন বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর

0
155
চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীর বৈধ প্রার্থী / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

সরওয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ও ব্যারিস্টার ফয়সল মাহমুদ ফয়জি। তার আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী মাসুদ বলেন, আদালতের এই আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় ৮৩ নম্বর ক্রমিকে শুনানির জন্য ওঠে।

এর আগে ১৮ জানুয়ারি আগারগাঁও নির্বাচন ভবনে শুনানি শেষে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিনের করা আপিল প্রথম দফায় নামঞ্জুর করে নির্বাচন কমিশন। তবে ওই দিন বিকেলে সরওয়ার আলমগীরের মালিকানাধীন এএনএফজেড টেরি টেক্সটাইলের বিরুদ্ধে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একটি স্থিতিআদেশ জমা দেওয়া হলে ইসি তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সরওয়ার আলমগীর। এদিকে তাকে নির্বাচনের মাঠের বাইরে রাখতে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমিন ছয়টি সিভিল পিটিশন দায়ের করেন। সর্বশেষ ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক আদেশ দেন যে, সরওয়ার আলমগীরকে আর ঋণখেলাপি হিসেবে গণ্য করা যাবে না। এর ফলে তার বিরুদ্ধে দেওয়া আগের স্থগিতাদেশ প্রত্যাহার হয় এবং হাইকোর্টের রায় কার্যকর থাকে।

এ বিষয়ে সরওয়ার আলমগীর বলেন, “সত্যের জয় অবশ্যাম্ভাবী—আজ আবারও তা প্রমাণিত হলো। একটি মহল আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্র করেছে, কিন্তু মাননীয় আদালতে ন্যায়বিচার পেয়েছি। ফটিকছড়িবাসী আমার সঙ্গে আছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

হাইকোর্টের আদেশের খবর ছড়িয়ে পড়তেই ফটিকছড়িতে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশের পাশাপাশি তারা ধানের শীষ প্রতীকের প্রচারণা শুরু করেন। দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে ওঠে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here