পিরোজপুর প্রতিনিধি :
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি বড় নির্বাচনী প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি পিরোজপুরবাসীর জন্য অধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, মাটিভাঙ্গার মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে এবং ধানের শীষের বিজয় মানেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, নানা বাধা ও চাপ উপেক্ষা করে পিরোজপুরের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি দাবি করেন, কোনো অপচেষ্টাই জনগণের এই সমর্থনকে দমিয়ে রাখতে পারবে না।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাটিভাঙ্গা ও আশপাশের এলাকা থেকে আগত হাজারো মানুষ স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। স্থানীয় ভোটারদের মতে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ থাকলে তারা পরিবর্তনের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকেই ভোট দেবেন।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এই কর্মসূচিকে ঘিরে নাজিরপুর ও মাটিভাঙ্গা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

