বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার পুরাতন গরুহাটি ঈদগাঁ মাঠে বকশীগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের আয়োজনের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আপসহীনভাবে সংগ্রাম করে গেছেন। দেশের রাজনীতিতে তিনি শুধু একটি দলের নেতা নয়, বরং গণতন্ত্রের প্রতীক হিসেবে মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবেন।
নির্যাতন, কারাবরণ ও শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তার আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

