পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলায় অনুষ্ঠিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) মুসলমানদের জন্য ঈমান রক্ষা এবং নৈতিকতার গুরুত্ব তুলে ধরেছেন।
১৮ জানুয়ারি রবিবার গভীর রাতে উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর আয়োজনকৃত মাহফিলে পীর ছাহেব বলেন, একজন মুসলমানের জন্য ফরজ হলো ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। তিনি আরও বলেন, “ঈমান বেঁচে থাকলে সব বাঁচবে, কিন্তু ঈমান হারালে সব কিছু ক্ষতিগ্রস্থ হবে। দুনিয়ার কোনো লাভ-লোকসান ঈমান নষ্ট হওয়ার চেয়ে বড় হতে পারে না।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পীর ছাহেব কেবলা বলেন, বর্তমানে মুসলমানরা কঠিন পরীক্ষার মুখে। চারপাশ থেকে নানা মতবাদ ও বিভ্রান্তিকর প্রচারণা তাদের ঈমানকে চ্যালেঞ্জ করছে। রাষ্ট্রক্ষমতা, নির্বাচন বা রাজনৈতিক স্বার্থের নামে যদি কেউ এমন পথ অনুসরণ করে যেখানে দ্বীনের মৌলিক আদর্শ ক্ষতিগ্রস্থ হয়, তবে সেটি পরিহার করা এক মুমিনের দায়িত্ব। তিনি যোগ করেন, “ক্ষমতার পেছনে দৌড়ানো ফরজ নয়, ঈমান রক্ষাই মুসলমানের জন্য ফরজ।”
মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব ও পীর ছাহেবের সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
মাহফিলের সমাপ্তিতে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন। উপস্থিত অনেকে “আমীন, আমীন” ক্রন্দনে অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

