
গোপালগঞ্জ প্রতিনিধি :
রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের এক নেতা। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
পদত্যাগকারী নেতার নাম মোঃ তুহিব্বুল ইসলাম। তিনি টুঙ্গিপাড়া পৌর শাখা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবাদ সম্মেলনে মোঃ তুহিব্বুল ইসলাম বলেন, দেশের প্রচলিত আইন, সংবিধান এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করবেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
