নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে “মেরাজুন্নবী (সা.)-এর শিক্ষা ও জাতীয় শিক্ষা ব্যবস্থায় তার প্রতিফলন” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা শাহেদী। সংগঠনের সেক্রেটারি জেনারেল এনামূল হক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হামিদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ছাড়া আলোচনায় অংশ নেন ইসমাইল হোসেন ফারুক, ইসমাইল হোসেন বাবলু, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, মুহাদ্দিস নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সামাদ জিহাদী, মোক্তার হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কোরআন ও হাদিসে বর্ণিত মেরাজ সংশ্লিষ্ট শিক্ষা ও তাৎপর্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাদের মতে, একটি জাতির নৈতিক ও চারিত্রিক সংস্কারের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থার কার্যকর প্রবর্তনের কোনো বিকল্প নেই।
গোলটেবিল বৈঠকে আরও বলা হয়, শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে কোনো প্রতিষ্ঠানকে মাদ্রাসায় রূপান্তর করার প্রয়োজন নেই। বরং প্রতিটি বিভাগে তুলনামূলক ইসলামী শিক্ষা অন্তর্ভুক্ত করা হলে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী চেতনার জাগরণ সৃষ্টি হবে। এতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

