শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মহালয়া অনুষ্ঠানের উদ্বোধন, দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

চট্টগ্রাম জেলা পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে ‘শুভ মহালয়া ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে তিনি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজায় দর্শনার্থীদের সম্ভাব্য বাড়তি উপস্থিতি বিবেচনায় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ইতিমধ্যে সভা হয়েছে। পাশাপাশি সরকার এবার দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দও বাড়িয়েছে।

তিনি জানান, শনিবার হাটহাজারীর একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য পূজামণ্ডপের প্রস্তুতিও পর্যবেক্ষণ করা হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উৎসবের নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রসঙ্গে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু জাঁকজমকপূর্ণ আয়োজন করলেই উৎসব সফল হয় না; দর্শনার্থীরা কতটা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় আচার পালন করতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী দর্শনার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল যাতায়াত এবং স্বেচ্ছাসেবকদের দৃশ্যমান ও দায়িত্বশীল উপস্থিতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থান চট্টগ্রামের ঐতিহ্য এবং বাংলাদেশের গর্ব। এই সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সবাইকে আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, দীর্ঘ ২১ বছর মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করলেও এর আগে এত বড় পরিসরে মহালয়ার আয়োজন দেখার সুযোগ তাঁর হয়নি। এই আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যকে নতুনভাবে জানার সুযোগ হয়েছে তাঁর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক আইনজীবী নিখিল কুমার নাথ, যুগ্ম সম্পাদক আইনজীবী নটু চৌধুরীসহ জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতারা।

পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা জানান, জেলা প্রশাসক তাঁদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর উপস্থিতি ও সহযোগিতাপূর্ণ মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা। তাঁদের দাবি, চট্টগ্রামে এর আগে কোনো জেলা প্রশাসক মহালয়া অনুষ্ঠানের উদ্বোধন করেননি।

পরে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ‘শুভ মহালয়া ২০২৬’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর